Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ছয় মাসের সাজা

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১১:১১:২১ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াসিন আলী (৩২) নামে এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) বেলা ১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী উপজেলার পূর্বনলতা গ্রামের শাহাজান আলীর ছেলে। জানা গেছে, নলতা হাটখোলা এলাকায় অবস্থিত ‘মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার’ এ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন যাবৎ রোগী দেখতেন ইয়াসিন আলী। তিনি এ ক্ষেত্রে বিএমডিসির যে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতেন সেটি ভূয়া ছিল। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তারকে সাথে নিয়ে মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াসিন আলী চিকিৎসক হিসেবে বিএমডিসির সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ অনুযায়ী নিবন্ধন ছাড়াই ডাক্তার পদবি ব্যবহারের অপরাধে ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী বলেন, আইন অনুযায়ী বিএমডিসি অথবা বিডিএস পাস না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু ইয়াসিন আলী ডাক্তার পরিচয়ে ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন (নাম্বার ডি ১৩১৯৮) ব্যবহার করে নলতা হাটখোলা এলাকায় দীর্ঘদিন যাবৎ রোগী দেখছিলেন যা প্রতারণার শামিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূয়া চিকিৎসককে ছয়মাসের সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)