প্রেসবিজ্ঞপ্তি : শনিবার সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে এতদাঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেকেবিএইউ শীঘ্রই একটি ভাল অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভর্তি মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ে যেসমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)। ৫ দিনব্যাপী চলমান এ ভর্তি মেলা আগামী ২৫ জুন শেষ হবে। এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০% পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ এর সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে।