নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে ছাতিয়ানতলা কেআই সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে সহস্রাধিক কর্মীদের নিয়ে এ সমাবেশ হয়। সমাবেশে চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ভিপি আব্দুল কাদের। তিনি (আব্দুল কাদের) বলেন-এই দেশের মানুষ এখন আর অন্যায়, অবিচার, জুলুম সহ্য করবে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে শিখে গেছে। আব্দুল কাদের আরও বলেন, সারাদেশে মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তিনি বলেন-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষের হাপিত্যেশ অবস্থা। এমন অবস্থায় মানুষের জামায়াতের প্রতি আস্থা বেড়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মুনির আক্তার, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, অফিস বিষয়ক সম্পাদক ও জামায়াত ইসলামীর চুড়ামনকাটি ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকী, চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারি আরিফ বিল্লাহ। সমাবেশে সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।