বিল্লাল হোসেন: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন খুন হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে খাজুরা তেলপাম্পের কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয়৷ নিহত রুবেল হোসেন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মোন্তাজ ঢালীর ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত রাব্বি নানা অপরাধের সাথে জড়িত। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, যুবদল নেতা রুবেল খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপা স্কেলের সামনে থেকে ছিলেন। এসময় পূর্ব শত্রুতার দেব ধরে দুর্বৃত্ত রাব্বি হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপায়। উপস্থিত লোকজন রক্তাক্ত রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খুনের সাথে জড়িত রাব্বি নিহত রুবেলের বোনের চাচাতো দেবর। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রুবেলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জিয়া জানান, রাব্বি হঠাৎ করেই হামলা চালিয়ে রুবেলকে কুপিয়ে পালিয়ে যায়। কোন কিছু বুঝে ওঠার আগেই হত্যাকান্ডটি ঘটে গেল। যুবদল নেতা রুবেল পেশায় ট্রাক চালক ছিলেন৷ নিহতের ভাই রাজিব হোসেন ও আনিসুর রহমান শান্তসহ আরও কয়েকজন স্বজন জানান, হত্যার সাথে জড়িত রাব্বি নানা অপরাধের সাথে জড়িত। কিছুদিন আগে রুবেল তাকে ভালো হয়ে যেতে বলে। শাসন করার জন্য একটা থাপ্পড় মারা হয়। এরই জের ধরে রাব্বি যুবদল নেতা রুবেলকে হত্যা করতে পারে। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, যুবদল নেতা রুবেল হোসেন খুনের খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব কোন জের ধরে ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত রাব্বিকে গ্রেফতার করতে অভিযান চলছে।