নিজস্ব প্রতিবেদক : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আটক ও স্বর্ণ উদ্ধার করা হয়। আটক তাজুল ইসলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শহরের নীলগঞ্জ ব্রীজ এলাকা থেকে সন্দেহজনক ভাবে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২শ' টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক তাজুল ইসলামের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।