নিজস্ব প্রতিবেদক : যশোরের বিএনপি নেতা ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় আটক অকিল ইসলাম প্রিন্সের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি প্রিন্স শহরের রায়পাড়া তুলোতলা এলাকার সাইফুল ইসলাম রিপনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীর হোসেন অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শংকরপুর ইসহাক সড়কের সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ব্যবসায়ী আলমগীরের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলমগীর হোসেন নিহত হন। ঘটনায় নিহতের স্ত্রী জামায় পরশ ও সাগরসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্তকালে জামাই পরশ, সাগর, মিশুক, ফাইম কাজী, ভাইপো রাকিব ও মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। আটক আসামিদের আদালতে দেয়া জবানবন্দির তথ্যের ভিত্তিতে অস্ত্র সরবরকারী হিসেবে আত্মসমর্পণকারী প্রিন্সকে এ মামলায় আদালতের আদেশে আটক দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক প্রিন্সের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।