প্রেস বিজ্ঞপ্তি: গড়বো সমাজ কল্যাণ সংস্থা যশোর (জিএসকেএস) এর উদ্যোগে ১০০ জন অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দুস্থ ব্যক্তিদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে ১৫তম বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করে গড়বো সমাজ কল্যাণ সংস্থা যশোর (জিএসকেএস)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়োর হোসেন খোকন। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। সভাপতিত্ব করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সংস্থার দাতা সদস্য সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম। স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক এবং সংগঠনের কোষাধ্যক্ষ এম. আই. নয়ন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুল জুতা, খাতা ও কলম বিতরণ করা হয়। এছাড়া পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য দুইজন কারিগরি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে একজন অসহায় ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি, তিনজন বেকার নারীকে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়িক উপকরণ, একজন প্রতিবন্ধী রিকশাচালককে রিকশা মেরামতের জন্য নগদ অর্থ এবং একজন নারীকে তার ভাঙা ঘর নির্মাণে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান সমাজে নানা সমস্যা বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে মাদক। মাদক ও দারিদ্রতার কারণে অনেক মেধাবী মুখ শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। গড়বো সমাজ কল্যাণ সংস্থা দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের স্বাবলম্বি করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে প্রশংসার দাবি রাখে। এরকম ভাল কাজে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করেছে। ছাত্র-ছাত্রীরা মাদকে জড়িয়ে পড়ছে, কেউ মোবাইলে আসক্তি হচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। এবারের কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ছিল পঙ্গু হাসপাতাল । এছাড়া অনুষ্ঠানের স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করে রবি গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম সেন্টার, রয়েল ইলেকট্রনিক্স, লিবার্টি সু, জুস বক্স এবং মোস্তফা মোবাইল পার্টস হাউজ।