নিজস্ব প্রতিবেদক, নড়াইল : মেজর পরিচয়ে চাকরির প্রলোভনে অর্থআত্মসাৎ ও প্রতারণা অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে আব্দুর রহিম দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-ভুক্তভোগী ডুমুরিয়া গ্রামের আহম্মদ আলী, শাহিনুর বেগম, সাজেদা বেগম, মেহেদী হাসান, যোগানিয়া গ্রামের কাজলী বেগম, খুকু বেগম, শাহিন শেখসহ অনেকে। বক্তারা বলেন, নড়াইলের যোগানিয়া গ্রামের আব্দুর রহিম দবির নিজেকে মেজর পরিচয় দেন। সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ফেসবুকে ছাড়েন। গ্রামের সহজ-সরল মানুষগুলোর কাছে গিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এছাড়া বিদেশ পাঠানোর কথা বলেও টাকা হাতিয়েছেন। এদিকে, মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাতসহ মাদক কারবারির অভিযোগও রয়েছে দবিরের বিরুদ্ধে। এসব অপরাধমূলক কর্মকান্ডে অন্তত ৫০টি পরিবার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে দবিরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ক্ষতিগ্রস্থরা। এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, দবির শেখের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।