নিজস্ব প্রতিবেদক : যশোরে মাঠপর্যায়ে ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করায় দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিদায়ী দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হলেন, তানভীরুল ইসলাম ও সুশান্ত মুজুমদার। নতুন কর্মস্থলে বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের হাতে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। বিদায়ী কর্মকর্তারা যশোর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।