শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী নামে এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। ১৯ আগস্ট রাত সাড়ে বারোটায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত গনি তালুকদারের পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী(৫২) তার নিজ এলাকায় গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি সামনে থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। নাম প্রকাশ না করার স্বার্থে ওই এলাকার অনেকেই জানেন এলাকার উঠতি বয়সের ছেলেদের কাছে দীর্ঘদিন ধরে এই মোস্তফা ভান্ডারী গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমার বলেন, মাদক কারবারী মোস্তফা ভান্ডারীর বিরুদ্ধে শরণখোলা থানায় মাদক আইন একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শরণখোলা থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে।