প্রেসবিজ্ঞপ্তি : যশোরে সিনিয়র ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে জীবননাশের হুমকির প্রতিবাদে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেসক্লাব যশোরে সংগঠনের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব হোসেন মনা। সভায় বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা এবং হানিফ ডাকুয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে ভূমি দখল ও নিজ মালিকানাধীন আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পাশাপাশি সিনিয়র সাংবাদিক হানিফ ডাকুয়াকে মোবাইল ফোনে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। সভায় হানিফ ডাকুয়া কর্তৃক কোতয়ালী থানায় দায়ের করা জিডি নং-১৬১৬, তারিখ ১৮ আগস্ট ২০২৬ এবং জীবননাশের হুমকির অডিও রেকর্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির নেতৃবৃন্দের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব হোসেন মনা, সাধারণ সম্পাদক এম. আর. খান মিলন এবং নির্বাহী সদস্য সাজ্জাদুল কবির মিটন। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়া, সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিন্টু ও নুর ইমাম বাবুল, এবং সদস্য জয়ন্ত বসু, ইলিয়াস সাজু, রতন সরকার ও ইমরান হাসান টুটুল উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং হানিফ ডাকুয়ার পাশে থেকে প্রয়োজনীয় সাংগঠনিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।