নিজস্ব প্রতিবেদক : যশোরে আনন্দ সমাবেশ ও র্যালি করেছেন শিক্ষকরা। বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ব্যবস্থাপনায় চালু হওয়ায় আনন্দ সমাবেশ ও র্যালি করা হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, যশোর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। বিএনপি সরকার শিক্ষক বান্ধব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব তাহবিল থেকে শিক্ষকদের এটাকা দিয়েছেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আন্তরিকতায় যশোরে বেশি শিক্ষক অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার সভাপতি ও যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত খান, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উসমান গণি, কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান মনোহারী প্রমুখ। এসময় স্কুল, কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। আনন্দ সমাবেশে শিক্ষকরা বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষকদের ন্যার্য্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা লোপাট কেরে বিদেশে পাচার করা হয়েছে। ১৭ বছর শিক্ষকরা এ টাকা পাননি। জনগনের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা দিয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু। এরপর শহরে আনন্দ র?্যালি বের করা হয়।