Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচিতে যশোর জেলা প্রশাসক আশেক হাসান

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১০:১৪:১১ পিএম

খান কেএম শরাফত উদ্দীন, বাঘারপাড়া: গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই আহ্বানকে সামনে রেখে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। বৃহস্পতিবার দিনব্যাপী বাঘারপাড়া উপজেলায় বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন, নতুন স্থাপনার উদ্বোধন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। দিনের শুরুতে জেলা প্রশাসক আশেক হাসান বাঘারপাড়া থানা পরিদর্শন করেন। পরে তিনি বাঘারপাড়া নতুন পৌর পার্কের শুভ উদ্বোধন করেন। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবন এবং উপজেলা পুকুরের বাউন্ডারি নির্মাণ কাজ পরিদর্শন শেষে উদ্বোধন করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুপালি সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, একটি গাছ শুধু আমাদের ছায়া দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয়, মাটির উর্বরতা ধরে রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আলিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। দিনব্যাপী কর্মসূচিতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঘারপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী এ কর্মসূচিতে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)