মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫) এবং অপরজন সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দ্রুতগতির দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যান। আহত নারী ও শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইমরান আহমেদ জানান, আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মৃত্যু হয়। তিনি আরও জানান, আশিকুর রহমানের মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। সঙ্গে থাকা শিশুটি বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা ভালো রয়েছে। মাগুরা হাইওয়ে থানার এসআই মাহাবুবুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।