অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ফুফু ও ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের পাশে আটকে যায়। এ সময় বাসের চালক ও সহকারীরা বাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকের জন্য অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।