প্রেসবিজ্ঞপ্তি : ‘সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ফার্মা হেলথ ডেস্ক, ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেট আয়োজন করা হয়। বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী । ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গাজী মোঃ মনজুর মুরশিদ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের নাঈমুর রহমান এবং ২৩ ব্যাচের রাহাত বিন আলিফুন। পরে ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।