চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রবিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মিজানুর রহমান তার বাড়ি কুষ্টিয়া জেলার বাটিকামারি গ্রামে। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, গভীর রাতে তিন চোর গ্রামের ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করছিল। টের পেয়ে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম চিৎকার করলে গ্রামবাসি চোরেদের ধাওয়া করে। জনগণের ধাওয়া খেয়ে দুই জন পালাতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে গ্রামবাসি। এসময় গ্রামবাসির এলোপাতাড়ি মারপিটে গুরতর আহত হয় মিজানুর রহমান । এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ আহত মিজানুরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।