প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি থ্রু স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন’ শীর্ষক সেমিনার আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মূল্যায়ণ এবং শ্রেণি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামত পাঠদান পদ্ধতির কার্যকারিতা নিরূপণ এবং শিক্ষার সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়তা করে। অন্যদিকে, সহকর্মী শিক্ষকদের পারস্পরিক শ্রেণি পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও পাঠদান কৌশলের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণপদ্ধতি অনুসরণে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান। সেমিনারে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি, সহপাঠ শ্রেণি পর্যবেক্ষণের কার্যকর কৌশল, পাঠদানের মান যাচাই এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।