জাকির হোসেন, কুয়াদা : যশোর সদরের কুয়াদা ভোজগাতী চাষীক্লাবের আয়োজনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে স্থানীয় ক্রীড়ামোদী ও যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) ঐতিহ্যবাহী মণিরামপুরের কুয়াদা ভোজগাতী স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে রেড ডেভিল ফুটবল একাদশ বনাম নাইন স্টার ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় খেলোয়াড় তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে। খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে মাঠের পরিবেশ মুখরিত হয়ে ওঠে এবং দর্শকরা টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধে ১-১ গোলে খেলাটি ড্র হয়। দ্বিতীয়ার্ধে রেড ডেভিল একাদশের রাব্বির জোড়া গোলে ৩-১ গোলো নাইন স্টার ফুটবল একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “শরীর ও মনকে সুস্থ রাখতে এবং এলাকার তরুণদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ফুটবল খেলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট গ্রামবাংলার হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করতে অনন্য ভূমিকা পালন করবে। খেলাটিতে প্রধান অতিথি ছিলেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, বিশেষ অতিথি যুবদলের সাবেক সভাপতি আব্দুল ওহাব খান, ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, সফিকুর রহমান প্রমুখ।