শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : পাঠকপ্রিয় ও নিরপেক্ষ সংবাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শৈলকুপা প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ-এর সভাপতিত্বে এবং ‘খবরের কাগজ’-এর শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্য-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা নাগরিক কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট শিল্পী ফিরোজ খান নুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দীন, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি গোলাম রসুল পান্না, আইনমন্ত্রীর সাবেক পিও মাহাবুব হোসেন, শৈলকুপার সিনিয়র সাংবাদিক এম হাসান মুসা, মাসুদুজ্জামান লিটন এবং শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক। আলোচনা সভা শেষে অতিথিরা যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির সাফল্য ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেন। শুভাকাঙ্ক্ষী, স্থানীয় সুধীজন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।