Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৫৪ পিএম
যশোরে ডেঙ্গুতে আক্রান্ত  আড়াই হাজার ছাড়ালো

বিল্লাল হোসেন : যশোরে ডেঙ্গুর সংক্রমণ থামছে না। বছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৪১৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৪৫ জনকে। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাতজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, শার্শায় তিনজন এবং মণিরামপুরে একজন রয়েছেন। বাঘারপাড়া, চৌগাছা ও ঝিকরগাছায় নতুন কোনো রোগী ভর্তি হননি। নতুন ভর্তি হওয়া ১৮ জনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তির কোনো তথ্য নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। উপজেলা ও হাসপাতালভিত্তিক হিসাবে, চলতি বছরে সবচেয়ে বেশি ৮২০ জন রোগী ভর্তি হয়েছেন অভয়নগরে। তাদের মধ্যে ৭৯৯ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৭ জন। রেফার করা হয়েছে চারজনকে। বাঘারপাড়ায় ভর্তি হয়েছেন ২১৬ জন। ছাড়পত্র পেয়েছেন ১৯৪ জন। বর্তমানে ভর্তি রয়েছেন নয়জন এবং রেফার করা হয়েছে ১৩ জনকে। চৌগাছায় ভর্তি হয়েছেন ৬৩ জন। ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে ভর্তি রয়েছেন তিনজন। ঝিকরগাছায় ভর্তি হয়েছেন ৯৮ জন। ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন। বর্তমানে ভর্তি রয়েছেন তিনজন এবং রেফার করা হয়েছে দুজনকে। এ ছাড়া কেশবপুরে ভর্তি হয়েছেন ২৮৫ জন। ছাড়পত্র পেয়েছেন ২৬৪ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১২ জন এবং রেফার করা হয়েছে নয়জনকে। মণিরামপুরে ভর্তি হয়েছেন ১৯৯ জন। ছাড়পত্র পেয়েছেন ১৮৪ জন। বর্তমানে ভর্তি রয়েছেন আটজন এবং রেফার করা হয়েছে সাতজনকে। শার্শায় ভর্তি হয়েছেন ২৯৯ জন। ছাড়পত্র পেয়েছেন ২৭৯ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১০ জন এবং রেফার করা হয়েছে ১০ জনকে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৭২ জন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ৫৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। এ হাসপাতাল থেকে কাউকে অন্য হাসপাতালে রেফার করা হয়নি। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)