কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (১১ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার তালসার বাজারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, তালসার বাজারপাড়া এলাকার মোঃ মুসলেম ভুইয়ার ছেলে রুবেল ভুইয়া (৩০) এবং মোঃ জুলফিকার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, প্রকাশ্যে গাঁজা সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। পরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।