নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ৭০ বছর বয়সী রুস্তম মোড়লকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। প্রতিবেশী শাহানারা বেগম বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে আসামি পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর মা ফিরোজা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর রহমান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রুস্তম মোড়লের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল কারাগারে আটক আছেন।