নিজস্ব প্রতিবেদক : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে। এর মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) দিনভর যশোরের কোতোয়ালি ও মনিরামপুর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুরের মাহাতাবনগর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল বিশ্বাস নামে একজনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। এদিকে শহরের ষষ্টিতলা ও মুজিব সড়ক এলাকায় আলাদা অভিযানে আরও ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। তাদের মধ্যে নূর মোহাম্মদকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়ার আদলতে সোপর্দ করা হলে বিচারক তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন। কাজী সাদ্দাম হোসেনকে ১১ পিস ইয়াবাসহ আটক হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। একই এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আটক ইদ্রিস আলীকে দুই দিনের কারাদণ্ড ও ৭০০ টাকা জরিমানা আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। অন্যদিকে এক পিস ইয়াবাসহ আটক চৌধুরী সায়েম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা আদেশ দেন। ২০ পিস ইয়াবাসহ আটক আশরাফুল আলম রনিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন। এছাড়া ১২ পিস ইয়াবাসহ আটক সোহেল মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান। সাজাপ্রাপ্ত ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।