আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার গোদাড়া গ্রামের মো. তছলিম রহমান বাচ্চু (৫২)। তিনি সাতক্ষীরা জেলা কৃষক লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার অন্য চারজন হলেন-লতাখালী গ্রামের আব্দুল্লাহ গাজী, কচুয়া গ্রামের অবাইদুল্লাহ সরদার, বৈকারঝুটি গ্রামের সন্তোষ কুমার ঘোষ এবং বসুখালী গ্রামের সিরাজুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, তছলিম রহমান বাচ্চু আশাশুনি থানার ২৪(০৬)২৬ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। অন্যদিকে আব্দুল্লাহ গাজী সিসি-২৪/১৭, অবাইদুল্লাহ সরদার সিআর-৩৪১/২৬, সন্তোষ কুমার ঘোষ সিসি-৩৮২/২৫ এবং সিরাজুল ইসলাম সিআর-২৯০/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত পাঁচজনকে রোববার দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।