নিজস্ব প্রতিবেদক : যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম শুরু হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে প্রতিটি ধাপে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়। নিয়োগ কার্যক্রমের শুরুতে পুলিশ সুপার পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থেকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ গ্রহণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম চলাকালে প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। প্রথম দিনের পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।