Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, ৫টি লগ জব্দ

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:২৪ পিএম
বুধহাটায় সরকারি গাছ কাটার  অভিযোগ, ৫টি লগ জব্দ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সরকারি জমির একটি মূল্যবান শিরিষ (পাহাড়ি চটকা) গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাটা গাছের পাঁচটি লগ জব্দ করেছে ইউনিয়ন ভূমি অফিস। সোমবার (২৩ নভেম্বর) শ্বেতপুর গ্রাম থেকে লগগুলো জব্দ করা হয়। এর আগে শনিবার (২২ নভেম্বর) টানা বৃষ্টির মধ্যে গাছটি কাটা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। শ্বেতপুর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, শনিবার বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ যখন ঘরের বাইরে ছিলেন না, সেই সুযোগে শ্বেতপুর গ্রামের বিজয় ঘোষের বাড়ির সামনে বুধহাটা-শ্বেতপুর পাকা সড়কের পাশে থাকা মূল্যবান শিরিষ গাছটি বৈদ্যুতিক করাত দিয়ে কাটা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের কেয়ারটেকার তারিফুল ইসলাম, স্থানীয় হাতেম, ফারুকসহ কয়েকজনকে দেখতে পান। গাছ কাটার কারণ জানতে চাইলে তারিফুল ইসলাম গাছটি জেলা পরিষদের অনুমোদন নিয়ে কাটা হচ্ছে বলে দাবি করেন। তবে ইউপি সদস্য লিয়াকত আলী জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ, গাছের কাঠ কেটে বিক্রি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল। সরকারি জেলা পরিষদ ও খাসজমি থেকে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা নতুন নয় বলেও দাবি তাঁদের। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহ জানান, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি লগ জব্দ করে ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, গাছটি জেলা পরিষদের জায়গায় নয়, সরকারি খাসজমিতে ছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)