Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ধর্ষণ দাবি করে নারীর সংবাদ সম্মেলন, প্রতিপক্ষ বলছে ‘মনগড়া’

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০৪:৫৪:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে মামলা তুলে নিতে চাপ দিয়ে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া আক্তার দিয়া (২৫) নামে এক ভুক্তভোগী নারী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভুক্তভোগী সোনিয়া আক্তার দিয়া অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খানজাহান আলীর মেয়ে। এদিকে বিপরীত পক্ষ বলছে, প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেয়ায় এসব ‘মনগড়া’ অভিযোগ তুলেছেন সোনিয়া। লিখিত বক্তব্যে সোনিয়া আক্তার দিয়া বলেছেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সাল, তার পিতা মানুয়া, মাতা ও ভগ্নিপতি রিপন ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে ফয়সালের পিতা মানুয়া তাকে জাপটে ধরেন এবং ভগ্নিপতি রিপন তাকে জোর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি হত্যাচেষ্টার মামলা করেন। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ওই নারী বিএনপির এক শীর্ষ নেতার নাম উল্লেখ করে হুমকি দেয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, মামলা তুলে না নিলে তার ওপর এসিড নিক্ষেপ, হত্যা বা গুম করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পিতা ও ভাইকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে এবং তার ভাইকে পুলিশ দিয়ে আটকও করানো হয়েছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে সোনিয়া কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন বলেন- তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ওই নারী কথিত ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এ সংক্রান্ত ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার ও তার পরিবারের মানহানি করতে এবং তাকে বিপদগ্রস্ত করতে যশোরের শীর্ষ নেতার নাম ব্যবহার করে হুমকি-ধামকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)