নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার বিকেলে কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ইব্রাহিম খলিল রিপনের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন তিনি। গত এক বছর ধরে কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার বিকেল ৫ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।