Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটের ধাক্কা

‘ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঝরল যশোরের ৫ প্রাণ’

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ০৯:৫১:১৬ পিএম

বিল্লাল হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা, দুই ছেলে ও মেয়েসহ যশোরের ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের আগে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), দুই ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৫), রাকিবুল ইসলাম ওরফে রাকিব (১৮) ও প্রাইভেটকারের চালক মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের নুর ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩২)। দুর্ঘটনায় আয়শা খাতুনের দুই সন্তান আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া খাতুন (৩) গুরুতর আহত হয়েছেন। একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় শহিদুলের বাড়িতে শোকের মাতম চলছে।
জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেটের যাত্রী নুরজাহান, আয়শা, আরিফ ও জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনায় আহত রাকিবুল, আশরাফুল ও তাছফিয়াকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত প্রাইভেটকার চালক জাহিদ মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের একজন চালক। দাম্পত্য জীবনে তার একটি কন্যা সন্তান রয়েছে। ঢাকা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে যশোরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত প্রবাসী আরিফের মামা নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার বাড়ি ফিরে বুধবার তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। বুকভরা আনন্দ নিয়ে প্রিয় সন্তানকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন মা নুরজাহানসহ পুরো পরিবার। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের জীবন থেমে গেছে। আনন্দ উৎসবের পরিবর্তে শহিদুলের বাড়িতে শোকের মাতম চলছে। হতভাগা শহিদুল ছাড়া বাড়িতে কান্নার লোক নেই।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, আহত তিনজনের মধ্যে রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখভাল করেছে।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় ৫ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি যশোরে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বেপরোয়া গতি ও চালকের চোখে ঘুমের ঝিমনি থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সন্ধ্যার পর শহিদুলের বাড়িতে একসঙ্গে ৪ জনের মরদেহ পৌঁছালে আত্মীয় স্বজনদের আহজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আয়শা খাতুনের স্বামী ঝিকরগাছার উজ্জলপুর গ্রামের ইলিয়াছ জানান, তার স্ত্রী শাশুড়ি ও দুই শ্যালকের মৃত্যুর ঘটনায় ট্রাক চালককে আসামি করে ফরিদপুরের ভাঙ্গা থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)