মাসুম বিল্লাহ : যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শাহিদুর রহমান তরফদার আর নেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের সদস্যরা জানান, টানা ৩৫ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অসুস্থতার সময় যারা খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। বাদ আসর হাশিমপুর তরফদারপাড়ার পারিবারিক মসজিদ-সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জুয়েল মুন্সীসহ বিএনপি, আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লি অংশ নেন। উল্লেখ্য, মরহুম শাহিদুর রহমান তরফদার ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুর বড় ভাই ছিলেন।