নিজস্ব প্রতিবেদক : যশোরে চাঁদাবাজি ও ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মিরাজুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,খুলনার কয়রা উপজেলার নারায়ণপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিরাজুল ইসলাম বর্তমানে যশোর শহরের স্টেডিয়ামপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। মামলার এজাহার অনুযায়ী, বাদী হালিমা খাতুন অভিযোগ করেন, তার ছেলে ইকবাল হোসেন আলিফ (১৪) পারিস রোডের একটি ফাস্টফুডের দোকানে কাজ করেন। গত ২৩ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিরাজুল ইসলাম তার পথরোধ করে ১০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে কিশোরকে মারধর ও চাকু দিয়ে আঘাত করার অভিযোগও করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।