চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় রানার্সআপ দল চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরিন কবির উর্মি। বৃহস্পতিবার (৩০জুলাই) দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় উপজেলার ছারা পাইলট বালিকা বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ক ও গ্রুপে বিজয়ী হয়ে চুড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বীতা করে। সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রতিযোগিতা শেষে দুপুরে আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহঅধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলামিন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। অন্যান্যের মধ্যে চৌগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র রাহা, সদস্য আমেনা খাতুন, সাংবাদিক আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।