Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন

যাত্রী হয়রানি বন্ধ ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ এসবি প্রধানের

এখন সময়: শনিবার, ৮ আগস্ট , ২০২৬, ১১:১০:৩৪ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি নুরুল আমিন। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। পরিদর্শনকালে এসবি প্রধান ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা চেকপোস্টের চলমান কার্যক্রম এবং যাত্রীসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন এবং নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন। ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসবি প্রধান নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াতে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রী হয়রানি বন্ধ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দেশের গুরুত্বপূর্ণ ও সর্ববৃহৎ একটি স্থল প্রবেশদ্বার। এখানে দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশন পুলিশকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।’ এসবি প্রধান আরও বলেন, ‘ইমিগ্রেশন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অনিয়ম বা যাত্রী হয়রানি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আন্তর্জাতিক চেকপোস্টে দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ইমিগ্রেশন কার্যক্রমকে আরও গতিশীল ও যাত্রীবান্ধব করার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরিদর্শন শেষে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এসবি প্রধান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ ইমিগ্রেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)