অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজ সংলগ্ন হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ফারুক মোল্যার ছেলে সুমন মোল্যা (৩২) ও একই গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০)। তারা দুজন বেঙ্গল রেলগেট এলাকার মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুমন মোল্যা ও আকাশ বিশ্বাসের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে অভয়নগর থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’