অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। আটক মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে প্রাইভেট কার চালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালী থানার গোলাবাড়ী গ্রামের ভূইয়াপাড়ার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) ও খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)। জানা গেছে, আটককৃতরা কুমিল্লা জেলা থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থানে ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে কালো পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালকসহ ৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক তিন কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’