লোহাগড়া প্রতিনিধি : ঢাকার গাবতলির দীপনগর এলাকায় মাছ বহনকারী একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত ও দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লোহাগড়ার মোহাম্মদ ইমরান (২৫) এর মৃত্যু হয়েছে। আহত ফারুক (৪০) এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত মোঃ ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে। তিনি মাছের কোল্ড স্টোরেজের কর্মচারী ছিলেন। আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও থানার কসুপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি সিএসডি ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িচালক হিসেবে কর্মরত। মিরপুর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ-মাংস বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার প্রাক্কালে সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে নিহত ইমরানের মরদেহ রাখা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে নিহত ইমরানের নড়াইলের কাশিপুরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।