নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামের জুয়েল হত্যা মামলায় চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। একই সাথে এ মামলার অপর আসামি মান্নুর ছেলে আলম হোসেনকে এক বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৬ আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এক রায়ে এ আদেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান মান্নু ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের মৃত আফসার আলী মোড়লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি নুর-ই আলম পান্নু। মামলার অভিযোগে জানা গেছে, মান্নুর সাথে তার ভাই হাকিমের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা হলেও বিরোধ থেকে যায়।২০২১ সালের ১৭ ডিসেম্বর সকালে জমিজমা নিয়ে মান্নানের সঙ্গে তার ছোট ভাই হাকিম মোড়লের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মান্নানের ছেলে আলমসহ তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। অন্যদিকে হাকিমের ছেলে ও স্বজনরাও সেখানে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মেহগনি গাছের ডাল দিয়ে মান্নু তার ভাই হাকিমকে আঘাত করে। হাকিমের বড় ছেলে জুয়েল মারামারি থামাতে এগিয়ে এলে মান্নু তাকেও কাঠ দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় জুয়েল। এরপর মান্নুর ছেলে আলমসহ আরও কয়েকজন তাকে মারপিট করে। গুরুতর আহত জুয়েলকে প্রথমে যশোর, পরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।ঘটনার পরদিন নিহতের পিতা হাকিম মোড়ল বাদী হয়ে ভাই মান্নু, ভাইপো আলম হোসেন, জাহাঙ্গীর, হাফিজুর, শফিয়ার রহমান, জামারুল, পারভিনা ও রুমা বেগমসহ আটজনকে আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে এজাহারনামীয় ৮ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন বিশ্বাস। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুল মান্নান মান্নুর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ছেলে আলম হোসেনকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।