নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় ৪ জনকে বিবাদী করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। শহরের পোস্ট অফিসপাড়ার এমএম আলী রোডের শেখ আব্দুল আছাদের মেয়ে শেখ শিউলি বাদী হয়ে এ মামলা করেছেন। অভিযোগটি গ্রহণ করে নির্বাহী আদালতের বিচারক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন। বিবাদীরা হলেন-পোস্ট অফিসপাড়ার এমএম আলী রোডের মৃত কলিম উদ্দিনের ছেলে হাসান, হারুন, আজগর ও আফজাল। মামলার অভিযোগে জানা গেছে, পোস্ট অফিসপাড়ার এমএম আলী রোডের শেখ শিউলির ভোগদখলীয় সম্পত্তিতে গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিবাদীরা জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে শেখ শিউলি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় শিউলির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে বিবাদীরা জমিতে বাড়ি নির্মাণ এবং বাধা দিলে হত্যার হুমকি দিয়ে চলে যান। বাদীর আশঙ্কা, যেকোনো সময় বিবাদীরা লোকজন নিয়ে এসে তার জমি দখলের চেষ্টা করতে পারেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।