কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিগত ফ্যাসিস আ.লীগ সরকার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের উন্নয়নে ব্যাপক অনিয়ম লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। যে কারনে দেশে এখনো বিদ্যুৎ সংকট সমস্যা রয়েই গেছে। তিনি আরও বলেন, আ.লীগের ১৭ বছরের রেখে যাওয়া এই সংকট একদিনেই নিরসন করা সম্ভব নয়। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল সংকট নিরসনে কাজ করে চলেছেন। রাশেদ খান বলেন-বর্তমান বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করেই প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রী দুঃখ প্রকাশও করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মিনি স্টেডিয়াম এলাকায় হকার্স মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরো বলেন, বিদ্যুত আমদানী নির্ভরতা কাটিয়ে নিজেদের স্বাবলম্বী হতে হবে। এজন্য সোলার সিস্টেম ডেভলপ করাসহ নতুন টার্মিনাল স্থাপন করতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট কেটে যাবে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার। জনগনের দুর্ভোগ কমাতে সরকার নিরলস ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, কালীগঞ্জ শহর যেন ঢাকার মত যানজটের শহর। এখানে সাধারন মানুষের কথা ভেবেই সড়কে বসা দরিদ্র হকারদের জন্য একটি হকার্স মার্কেট নির্মানের ব্যবস্থা করা হয়েছে। যেটি বাস্তবায়নের পথে। পাশাপাশি এই স্থানের পূর্ণাঙ্গ একটি ষ্টেডিয়াম নির্মান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হকার্স মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তুর ফলক উন্মোচনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী, স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি, হাফিজুর রহমান. জহির হাসান মোহন, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, লুৎফর রহমান লেন্টু, যুবদলের মাহবুবুর রহমান মিলন, কালীগঞ্জ পৌরসভার সচিব ( ভারপ্রাপ্ত) কবির হাসানসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা।