চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বৈধ কাগজপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে নিজের উৎপাদিত পণ্য অন্য কোম্পানির প্যাকেটে বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার উপজেলার সিংহঝুলী মল্লিকবাড়ি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসানের নেতৃত্বে উপজেলার মল্লিক বাড়ি মোড় এলাকার রানা স্টোরের দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসার বৈধ কাগজপত্র না থাকা এবং অন্য কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে তাদের প্যাকেটে নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রি ও অবৈধভাবে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযানে রানা স্টোরের মালিক নাজমুল কবির (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং অবৈধভাবে পণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্যও তিনি আহ্বান জানান। অভিযানে চৌগাছা থানার পরিদর্শক মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।