Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নাভারণ পুরাতন বাজারের দোকান উচ্ছেদ বন্ধের দাবি ব্যবসায়ীদের

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৪:৪৩:৪০ এম
নাভারণ পুরাতন বাজারের দোকান  উচ্ছেদ বন্ধের দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ ১৫-২০টি দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নাভারণ পুরাতন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আবু জাফর আলাদা দুটি আবেদন জেলা প্রশাসক এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। আবেদনে বলা হয়, বাজারসংলগ্ন ওই স্থানটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে স্থানটি হাট-চাঁদনী স্থাপনের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এতে ১৫-২০টি দোকান উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। দোকান উচ্ছেদ হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দোকান ভেঙে নেওয়ার জন্য বলছেন। সরকারি উদ্যোগে বাজারের খালি জায়গায় চারটি ঘর নির্মাণের কথা থাকলেও স্থানীয় বিএনপির এক নেতা সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সব দোকান উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তারা। এদিকে গত ২৪ সেপ্টেম্বর নাভারণ পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ। একই সঙ্গে জনস্বার্থে সেখানে হাট-চাঁদনী নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়ার কথা জানান। ব্যবসায়ীরা বলছেন, হাট-চাঁদনী নির্মাণে তাদের আপত্তি নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য জায়গা সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তারা। আবেদনে নাভারণ পুরাতন বাজারের ১৫-২০টি দোকান পূর্বের মতো ব্যবসায়ীদের ব্যবহারের জন্য সংরক্ষণ অথবা উচ্ছেদ না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)