নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় স্বামী মিন্টুর এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ ঝিকরগাছার কাশিপুর গ্রামের সুইটি খাতুনের সঙ্গে মনিরামপুরের ইত্যা গ্রামের মিন্টুর বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আসামি মিন্টু বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন স্ত্রী সুইটির কাছে। মিন্টু বিদেশ যাওয়ার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেওয়ার পর পুনরায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় স্ত্রী সুইটিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মিন্টু। একপর্যায়ে ২০২৫ সালের ১৪ অক্টোবর দুই শিশুকন্যাসহ স্ত্রী সুইটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আদালতে এ মামলা করেন সুইটি খাতুন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।