কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র সংরক্ষণে ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যাপী ওই অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৪০ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জাল উপজেলা চত্বরে এনে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। অভিযানিক টিমের সদস্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, অসাধু ব্যক্তিরা অবৈধ কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ও রেণু পোনা ধ্বংস করছে। এটি রোধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বেগবতী ও চিত্রা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীর তীরবর্তী তৈলকুপি, জমিদার বাড়ি সংলগ্ন নদী ও চাপালীসহ বিভিন্ন স্থান থেকে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ এবং তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।