খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পারিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শামস-উল-হুদা অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। এদিন তিন জেলার চার উপজেলার থেকে আসা কয়েকশ অভিভাবকদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তানকে কলেজে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। ক্লাসে শতভাগ উপস্থিতি, সন্তান লেখাপড়ায় মনযোগী কিনা, মোবাইলে আসক্ত কিনা-এসব বিষয়ে সার্বক্ষনিক নজরদারি করতে হবে। অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে একাদশ শ্রেণির তৃষা ও মুক্তার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক সালমা পারভীন, রুহুল কুদ্দুস, আবু সাঈদ ও কুশল চক্রবর্তী, অভিভাবকদের মধ্যে নাজিম উদ্দীন, আব্দুল আলিম প্রমুখ। ১৯৯৮ সালে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত। এটি শুধু নারী শিক্ষায় অনন্য নয়। বাঘারপাড়া উপজেলার ১৩টি কলেজের শীর্ষে। এ বছরে একাদশ শ্রেণিতে ১৯০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাতশ।