নিজস্ব প্রতিবেদক : যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মিরাজুল ইসলাম বলেছেন, মাদক নির্মূলে শুধু পুলিশের পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার ছিলুমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাদকমুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলুমপুর যুব সমাজ এ সভার আয়োজন করে। মিরাজুল ইসলাম আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে দেয়। মাদক নির্মূলে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকার কোথাও মাদক কেনাবেচা বা সেবনের ঘটনা চোখে পড়লে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রধান বক্তা ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ও এইচটিসির সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন। সিলুমপুর যুব সমাজের অভিভাবক মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন হোসেন ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বিল্লাল হোসেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদকের কুফল সম্পর্কে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ছিলুমপুরকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।