শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাদের পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের পূর্বপাড়া এলাকার আলী হোসেনের ছেলে মিনার হোসেন (২৯)। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। একই থানার খলশী গ্রামের আলিউদ্দীন গাজীর ছেলে আব্দুল্লা আল মামুন (সাজাপ্রাপ্ত আসামি), সাদিপুর গ্রামের আহসান মোড়লের ছেলে সুজন হোসেন (গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি) এবং বড় আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মিলন (৪০)। তিনি পাসপোর্ট আইনের মামলার আসামি। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, পৃথক অভিযানে পুরাতন মামলার সন্দিগ্ধ আসামি, সাজাপ্রাপ্ত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও পাসপোর্ট আইনের মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে পুলিশ পাহারায় যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।