মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন প্রায় শতাধিক কলেজের স্বীকৃতি, বিষয় ও বিভাগের স্বীকৃতির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের স্বীকৃতি দ্রুত নবায়ন না করা হলে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে স্বীকৃতি নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কঠোর নির্দেশ দিয়েছেন কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বীকৃতি না থাকার কারণে যদি শিক্ষার্থীদের নিবন্ধনে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, তবে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে। এবং তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বোর্ড সূত্র জানায়, যেকোনো বেসরকারি কলেজ প্রতিষ্ঠার পর শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট মেয়াদের (সাধারণত ১ থেকে ৩ বছর) জন্য প্রাথমিক পাঠদানের অনুমতি বা স্বীকৃতি পেয়ে থাকে। কলেজটি সঠিকভাবে পরিচালনার জন্য এই সরকারি ও প্রাতিষ্ঠানিক অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পর আইনি ও একাডেমিক বৈধতা টিকিয়ে রাখতে পুনরায় আবেদন করে অনুমোদন নবায়ন করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রায় শতাধিক কলেজের স্বীকৃতি, বিভাগ ও বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। বোর্ডের স্পষ্ট নির্দেশনা হলো—প্রতিষ্ঠানের বিভাগ ও বিষয়ের স্বীকৃতি মেয়াদ থাকা সাপেক্ষে কেবল একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন প্রদান করা হবে। এ বিষয়ে বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মনিরুজ্জামান জানান, যেসব কলেজের স্বীকৃতি, বিষয় ও বিভাগের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে জরুরি ভিত্তিতে নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন না করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।