মিরাজুল কবীর টিটো: যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বরাদ্দ দুটি বাস ‘স্বাধীন’ ও ‘মুক্তি’ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বারোবাজার ও চৌগাছা এলাকার শতাধিক শিক্ষার্থী। বাস দুটি চলাচল বন্ধ থাকায় এসব এলাকার শিক্ষার্থীদের নিজেদের ব্যবস্থাপনায় কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে। বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। কলেজ সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সরকারি এমএম কলেজকে স্বাধীন ও মুক্তি দুটি বাস দেওয়া হয়। বাস দুটি একটি স্বাধীন নামক বাস দিয়ে বারোবাজার ও মুক্তি নামক বাস দিয়ে চৌগাছা রুটের শিক্ষার্থীদের নিয়মিত আনা-নেওয়া করা হতো। কিন্তু দীর্ঘদিন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত না করায় বাস দুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় এক মাস আগে থেকে বাস দুটির চলাচল বন্ধ রয়েছে। মেরামতকাজ শেষ করতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে। এদিকে বাস দুটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা। নিয়মিত কলেজে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত বাস দুটি চালু করা অথবা বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হলে তাদের দুর্ভোগ কমবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ বলেন, বাস দুটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বর্তমানে সংস্কারের প্রয়োজন হয়েছে। মেরামত শেষে আগামী জানুয়ারি মাসে বাস দুটি চালু করা হবে। তবে আপাতত বাস দুটি শুধু শহরের ভেতরে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, বাস দুটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হয়। অথচ বছরে শিক্ষার্থীদের কাছ থেকে বাস পরিচালনা বাবদ আয় হয় মাত্র ৪০ হাজার টাকা। এ অবস্থায় মেরামত শেষে বাস দুটি শহরের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারোবাজার ও চৌগাছা রুটে বাস চালুর জন্য সরকারি নতুন বাসের প্রয়োজন। সরকারিভাবে নতুন বাস পাওয়া গেলে ওই দুই রুটে শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা করা হবে।