শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের আওতায় দুই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শাঁকিভাঙ্গা এলাকার এনায়েত হোসেন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার এবং চাঁদপুর জেলার কচুয়া থানার ৬ নম্বর ওয়ার্ডের বরদল এলাকার কাসেমের মেয়ে নিপা আক্তার খুশি। নথিপত্র অনুযায়ী, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (কনস্যুলার) গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করেন এবং এফআরআরও কলকাতা গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে এক্সিট পারমিট প্রদান করে। বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং ঝাড়খণ্ডের হাজারিবাগের পদ্মা আউটপোস্টের সাব-ইন্সপেক্টর। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) এবং ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডারসহ এনজিও প্রতিনিধি উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন। বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শেষে দুই বাংলাদেশি নাগরিককে গ্রহণ করা হয়েছে। পরে কাগজপত্রের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, থানার আইনানুগ প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, স্বদেশে প্রত্যাবর্তন করা বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। পরে তারা বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে দুই দেশের এনজিও সংস্থার যোগাযোগের মাধ্যমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ারের সার্বিক সহযোগিতায় ফেরত আসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।